যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারককে আনুষ্ঠানিকভাবে অকার্যকর ঘোষণা করেছে ইরান। দেশটির দাবি, ওয়াশিংটন চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করায় তারা আর এর কোনো শর্ত মানতে বাধ্য নয়।
শনিবার এক বিবৃতিতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘারিভাবাদি বলেন, যুক্তরাষ্ট্র বাস্তবে সমঝোতা স্মারকের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং কার্যত চুক্তিটিকে স্থগিত করে দিয়েছে।
তিনি জানান, এর প্রতিক্রিয়ায় ইরানও সমঝোতা স্মারকের সব শর্ত বাস্তবায়ন স্থগিত করেছে। ফলে এখন থেকে তেহরান আর এই চুক্তির কোনো ধারা অনুসরণ করবে না।
এটাই প্রথমবার, যখন ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ওই সমঝোতা স্মারকের কার্যকারিতা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ভবিষ্যতে চুক্তির কোনো শর্তই তারা মানবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে ইরানের কর্মকর্তারা ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন এবং সতর্ক করেছিলেন যে, মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তেহরানও পাল্টা পদক্ষেপ নেবে। তবে এবারের ঘোষণা আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: আল জাজিরা
প্রতিবেদকের নাম 


























