রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যা মামলায় গ্রেফতার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে দুই দিনের রিমান্ডে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আগামী তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন তাদের তিন ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা যাবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।
তিন দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ
মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি জিন্নাত আলী আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন।
নিরাপত্তার কারণে আসামিদের আদালতে সরাসরি হাজির করা হয়নি। তারা কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। আসামিদের পক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আইনজীবী শুনানিতে অংশ নেন।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত আগামী তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন জেলগেটে তিন ঘণ্টা করে আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
ইউরিন পরীক্ষায় ইয়াবার অস্তিত্ব মেলেনি
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, রোববার বিকেলে কারাগার থেকে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ইউরিনের নমুনা সংগ্রহ করা হয়। মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষার পর তাদের ইউরিনে ইয়াবা সেবনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান তিনি।
তবে তদন্ত সংস্থা এখনো তাদের চুল ও রক্তের নমুনা সংগ্রহ করেনি।
চারজনকে হত্যার অভিযোগ
গত ২১ আগস্ট রংপুর নগরীর ঘড়ির মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তী।
চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তের স্বার্থে তাদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদকের নাম 




















