সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তাঁর দাবি, রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে আওয়ামী লীগের বয়ান স্পষ্ট হয়ে উঠছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
‘নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা’
আবু হানিফ অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তুলতে রুমিন ফারহানা কাজ করছেন। তাঁর রাজনৈতিক অবস্থান ও বক্তব্য বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হয় বলেও দাবি করেন তিনি।
রুমিন ফারহানার পারিবারিক রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে আবু হানিফ বলেন, তাঁর বাবা আওয়ামী মুসলিম লীগের নেতা ছিলেন। তাঁর দাবি, আওয়ামী লীগ প্রতিষ্ঠার অন্যতম সদস্যও ছিলেন রুমিন ফারহানার বাবা।
এ কারণে রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করবেন—এমনটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
দুর্নীতি-ঋণের দায় নিয়ে প্রশ্ন
আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতি ও ঋণের প্রসঙ্গও তুলে ধরেন আবু হানিফ।
তিনি দাবি করেন, ২০০০ সালে আওয়ামী লীগের সময়ে সংঘটিত দুর্নীতির প্রভাব পরবর্তী সময়ে বিএনপি সরকারের ওপর পড়েছে। একইভাবে আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া অতিরিক্ত ঋণের কারণে বর্তমানে দেশের ঋণখেলাপির পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
আবু হানিফের অভিযোগ, এসব বিষয় আওয়ামী লীগের দায় হলেও সংসদে রুমিন ফারহানা তা বিএনপির দায় হিসেবে উপস্থাপন করছেন। এ কারণেই তিনি আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের এই নেতা।
‘রিফাইন্ড কমিটির’ নেতৃত্বে থাকার দাবি
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে আবু হানিফ আরও দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ‘রিফাইন্ড কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তাঁর ভাষ্য, ওই কমিটির নেতৃত্বে রুমিন ফারহানা থাকতে পারেন—এমন কথা তিনি শুনেছেন। তবে এ দাবির পক্ষে পোস্টে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ উল্লেখ করেননি আবু হানিফ।
রুমিন ফারহানার পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 




















