যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। গ্রেড-১ মর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, লন্ডনে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার অব্যবহৃত অবসরোত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করা হয়েছে।
নতুন দায়িত্বে থাকাকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারবেন না। যোগদানের দিন থেকে তার দুই বছরের নিয়োগ কার্যকর হবে এবং অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এদিকে একই দিনে আরও কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জারি করা এসব প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রতিবেদকের নাম 




















