
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকে ভবিষ্যতে শুধুমাত্র সিটি বাস টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে। অন্যদিকে আন্তঃজেলা বাসগুলো পর্যায়ক্রমে কাঁচপুরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান শেষে তিনি জানান, দীর্ঘদিন ধরে টার্মিনালটি যাত্রীসেবার পরিবর্তে বাসের গ্যারেজ ও ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। এ অবস্থা পরিবর্তনে টার্মিনালে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, আপাতত প্রতিটি পরিবহন প্রতিষ্ঠান টার্মিনালের ভেতরে সর্বোচ্চ এক বা দুটি বাস অপেক্ষমাণ রাখতে পারবে। ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর নির্ধারিত টার্মিনালের বাইরে যাত্রী ওঠানামা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া যানজট কমাতে টার্মিনালে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অবৈধ দোকানপাট উচ্ছেদ, প্রয়োজনীয় সুবিধা বৃদ্ধি এবং এসি বাসের জন্য পৃথক স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, ভবিষ্যতে গুলিস্তানের বাস টার্মিনালও নদীর ওপারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তার মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও দৃশ্যমান উন্নতি আসবে।
প্রতিবেদকের নাম 
























