সিন্ধু পানি চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালত পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে। পাকিস্তানের করা আবেদনের পক্ষে রায় দিয়ে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের দুটি জলবিদ্যুৎ প্রকল্পে ভারতের ‘পন্ডেজ’ (বাঁধ বা ব্যারাজের পেছনে পানি ধরে রাখা) ব্যবহারের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে।
নেদারল্যান্ডসের Permanent Court of Arbitration-এর এই রায়ের মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘ইন্দাস ওয়াটার্স ট্রিটি’ (আইডব্লিউটি) নিয়ে ইসলামাবাদের অবস্থান আরও শক্তিশালী হলো। গত বছরের এপ্রিলে ভারত একতরফাভাবে ঘোষণা দেয়, তারা এই চুক্তি স্থগিত করবে।
গত শুক্রবার আদালত আগের রায় বহাল রেখে জানায়, আইডব্লিউটি এখনো কার্যকর রয়েছে এবং ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করতে পারে না। ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে পানিবণ্টনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, রাতলে ও কিশেঙ্গাঙ্গার মতো জলবিদ্যুৎ প্রকল্প এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে ভারত সাময়িকভাবে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। বিশেষ করে ‘পন্ডেজ’ ও গেটযুক্ত স্পিলওয়ের মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি প্রবাহে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসলামাবাদ।
অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আদালতের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। ভারতের দাবি, তথাকথিত এই সালিশি আদালতের এখতিয়ার তারা কখনোই স্বীকার করেনি এবং এ ধরনের সব রায় তাদের কাছে “অকার্যকর”।
বিশ্লেষকদের মতে, রায়টি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের অবস্থানকে শক্তিশালী করলেও ভারত-পাকিস্তানের বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে বাস্তব প্রয়োগ সীমিত হতে পারে।
সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হয়েছে। আকাশপথে নিষেধাজ্ঞা, রাজনৈতিক উত্তেজনা ও সীমান্ত পরিস্থিতির মধ্যে এই রায় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদকের নাম 
























