বাংলাদেশের দেয়ালচিত্রে বহুল আলোচিত রহস্যময় চরিত্র ‘সুবোধ’ এবার দেখা গেল ভারতের সিকিমে। ‘হবেকি?’ স্বাক্ষর বহনকারী নতুন একটি গ্রাফিতি গ্যাংটক-রংপো সড়কের মাঝিতার নালা ব্রিজের দেয়ালে আঁকা হয়েছে, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও শিল্পপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
জুন মাসের শেষ দিনে তৈরি হওয়া প্রায় ২০ ফুট দীর্ঘ এই দেয়ালচিত্রটি স্প্রে পেইন্ট ও স্টেনসিল প্রযুক্তিতে আঁকা হয়েছে। ছবিতে দেখা যায়, এলোমেলো লম্বা চুলের সুবোধ জুতা পরিহিত অবস্থায় একটি ঝুলন্ত হ্যামকে শুয়ে আছেন। হ্যামকটির দুই প্রান্ত বাঁধা রয়েছে কাঁটাতারের সঙ্গে।
সুবোধের এক হাতে রয়েছে কাঁটাতার কাটার যন্ত্র, অন্য হাতটি ঝুলে আছে হ্যামকের বাইরে। তার ঠিক নিচে রাখা রয়েছে একটি বালতি। গ্রাফিতির শেষ প্রান্তে শিল্পীর পরিচিত স্বাক্ষর ‘হবেকি?’ লেখা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরেই গ্যাংটক-রংপো সড়কের ওই দেয়ালে গ্রাফিতিটি দেখা যাচ্ছে।
এই শিল্পকর্ম এমন এক সময়ে প্রকাশ পেল, যখন কথিত বাংলাদেশিদের ভারত থেকে ফেরত পাঠানো এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনা চলছে। একই সঙ্গে প্রায় দুই বছর বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশি পর্যটকদের জন্য ভারত আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে।
‘হবেকি?’ শিল্পীর কাজের নথিভুক্তকরণে যুক্ত প্রতিষ্ঠান আর্টকন-এর প্রতিষ্ঠাতা এআরকে রিপনের মতে, এই গ্রাফিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক, সীমান্তের কাঁটাতার, কাঁটাতার কাটার যন্ত্র এবং তিস্তা নদীর পানির মতো বিষয়গুলোর প্রতীকী সংযোগ রয়েছে।
তিনি জানান, রংপো শহর সিকিমের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। প্রতিদিন এই পথে যাতায়াত, নথিপত্র যাচাই ও প্রবেশের আনুষ্ঠানিকতা চলে। তাই এই স্থান নির্বাচন গ্রাফিতিটিকে কেবল একটি দেয়ালচিত্র নয়, বরং সীমান্ত বাস্তবতার প্রতীক হিসেবেও তুলে ধরেছে।
প্রতিবাদ ও প্রতীকের ভাষা ‘সুবোধ’
গত প্রায় এক দশক ধরে বাংলাদেশের বিভিন্ন দেয়ালে ‘হবেকি?’ স্বাক্ষরযুক্ত সুবোধ সিরিজের গ্রাফিতি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক বার্তা বহন করে আসছে।
স্টেনসিল শিল্পের মাধ্যমে আঁকা এসব চিত্রকর্মে প্রতিবারই থাকে একটি শক্তিশালী বার্তা। তবে আজও রহস্যই রয়ে গেছে এই শিল্পীর পরিচয়। তিনি কখনও প্রকাশ্যে আসেননি কিংবা নিজের কাজের মালিকানাও দাবি করেননি।
২০১৭ সালের পর থেকে সুবোধ সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পায়। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীও শিল্পীর পরিচয় জানার চেষ্টা করেছিল বলে বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়েছিল।
সবচেয়ে আলোচিত কয়েকটি গ্রাফিতির মধ্যে রয়েছে—
- ‘সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না’
- ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই’
- ‘সুবোধ, কবে হবে ভোর?’
- ‘সুবোধ এখন জেলে! পাপবোধ নিশ্চিন্তে করছে বাস মানুষের হৃদয়ে’
- ‘সুবোধ তুই ঘুরে দাঁড়া’
- ‘দিস ইজ মাই মাস্টারপিস’
সর্বশেষ ঢাকার আগারগাঁও-মহাখালী লিংক রোডে আঁকা গ্রাফিতিতে দেখা যায়, সুবোধ হাঁটু গেড়ে একটি শিশুকে আলিঙ্গন করছেন। শিশুটির মাথায় সৈনিকের হেলমেট এবং হাতে বাংলাদেশের ছোট একটি পতাকা। সুবোধের কোমরে ঝুলছে স্প্রে ক্যান ও পেইন্ট ব্রাশ।
২০১৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আগারগাঁও, মহাখালী ও পুরাতন বিমানবন্দর এলাকার দেয়ালে সবচেয়ে বেশি দেখা গেছে সুবোধ সিরিজের গ্রাফিতি। বর্তমানে বাংলাদেশ ছাড়াও ভারতের অনেক শিল্পী ‘হবেকি?’-এর শিল্পধারা থেকে অনুপ্রাণিত হয়ে একই ধরনের দেয়ালচিত্র নির্মাণ করছেন।
সূত্র: বিবিসি বাংলা
প্রতিবেদকের নাম 




















