ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঘোষিত সামুদ্রিক অবরোধ অমান্য করায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় সৌদি আরব এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানিয়েছেন, ‘এনসেলা’ ও ‘লাইলিয়া’ নামের দুটি সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং এতে আগুন লাগে। তবে জাহাজটির ক্রুদের হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
হুতিরা জানিয়েছে, লোহিত সাগর দিয়ে সৌদি আরবের কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত নৌ-অবরোধ অমান্য করে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা যেকোনো সৌদি জাহাজের বিরুদ্ধে হামলা চালানো হবে বলেও তারা সতর্ক করেছে।
এর আগে হুতিদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি হামলার অভিযোগ তুলে গত সপ্তাহে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি। এর মধ্য দিয়ে প্রায় চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে।
এদিকে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সর্বাত্মক নৌ-অবরোধ ঘোষণা করেছে। এক বিবৃতিতে তারা জানায়, ইয়েমেনের ওপর দীর্ঘদিন ধরে চলা অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে নিষেধাজ্ঞার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 
























