বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পর নাগরিক সেবা আধুনিকায়নে কঠোর অবস্থান নিয়েছেন নতুন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে দায়িত্ব গ্রহণ শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সকাল ৯টার আগে সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে এবং শৃঙ্খলা ভঙ্গ কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরীতে রূপান্তর করা হবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় ফুটপাত দখল ও হকার সমস্যার প্রসঙ্গ তুলে প্রশাসক বলেন, কিছু কর্মচারীর বিরুদ্ধে হকারদের কাছ থেকে অবৈধ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি কঠোরভাবে সতর্ক করে বলেন, “হকারের টাকা খাওয়ার দরকার নেই, ভালো হয়ে যান।”
তিনি আরও জানান, শহরকে হকারমুক্ত ও যানজটমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে নতুন প্রশাসক জানান, ঈদুল আজহা উপলক্ষে বগুড়া সিটি কর্পোরেশনের অস্থায়ী ও মাস্টাররোলভুক্ত কর্মচারীদের জন্য বিশেষ ঈদ বোনাস প্রদান করা হবে।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বগুড়ার প্রায় দেড়শ বছরের পুরোনো পৌরসভা সম্প্রতি সিটি কর্পোরেশনে উন্নীত হয় এবং নতুন প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীন দায়িত্ব গ্রহণ করেন।
প্রতিবেদকের নাম 






















