ইরানের বন্দর অবরোধ অমান্য করে দেশটির দিকে যাওয়ার চেষ্টা করা একটি পণ্যবাহী জাহাজ থামাতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ওমান উপসাগরে জাহাজটির ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায়।
মঙ্গলবার (১১ আগস্ট) এ হামলার কথা জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, পানামার পতাকাবাহী ‘এম/ভি ভেলা নোভা’ নামের পণ্যবাহী জাহাজটি ওমান উপসাগর হয়ে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজটির বেসামরিক ক্রুদের মার্কিন বাহিনীর পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করেন।
পরে একটি এমএইচ-৬০ সামরিক হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পর জাহাজটি ইরানের দিকে আর যাত্রা করতে পারছে না বলে জানিয়েছে সেন্টকম। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানায়নি মার্কিন সামরিক বাহিনী।
ঘটনার বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ এখনো পুরোপুরি কার্যকর রয়েছে। ১১ আগস্ট পর্যন্ত অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে মার্কিন বাহিনী। এ ছাড়া তিনটি জাহাজকে অচল এবং দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।
তবে ‘ভেলা নোভা’ কোন ইরানি বন্দরের দিকে যাচ্ছিল, তা নির্দিষ্ট করে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথগুলোতে উত্তেজনা আরও বেড়েছে। গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। বর্তমানে এ পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চললেও এখন পর্যন্ত তা সফল হয়নি। জুনে সর্বশেষ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে।
একই দিনে লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলায় তিনজন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর জানিয়েছে ইয়েমেন সরকার। হুতিরা দাবি করেছে, তারা সৌদি সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে হামলা চালিয়েছে।
ফলে ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা এবং লোহিত সাগরে হুতিদের হামলা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
প্রতিবেদকের নাম 




















