হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করেছে ইরান।
সোমবার (৪ মে) প্রকাশিত এক বক্তব্যে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান এব্রাহিম আজিজি বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হবে।
এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ ঘোষণা দেন যে, হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করতে “Project Freedom” নামে একটি অভিযান শুরু করছে যুক্তরাষ্ট্র।
তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িত নয়—এমন বহু দেশের জাহাজ আটকে পড়েছে এবং তাদের অনুরোধেই মার্কিন নৌবাহিনী এই সহায়তা দেবে।
এই প্রণালি হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, যার মাধ্যমে বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের বড় অংশ চলাচল করে।
ইরান পাল্টা প্রতিক্রিয়ায় জানায়, এ ধরনের অভিযান তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনার ঝুঁকি তৈরি করতে পারে।
প্রতিবেদকের নাম 






















