
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন পরিবহন শ্রমিকরা।
বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১৫টি বাস ভাঙচুর করে এবং শ্রমিকদের মারধর করে।
ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হলেও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, আহত অবস্থায় ১২ জন চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, রাতে স্কুল মাঠে পার্কিং করে রাখা বাসগুলোর পাশে শ্রমিকরা অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল ব্যক্তি এসে হামলা চালায় এবং একের পর এক গাড়ি ভাঙচুর করে। ঘটনার পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে বোগদাদ ও আইদি পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী জানান, অন্ধকারে ঘটনাটি ঘটায় হামলাকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 


























