সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ শিশু।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
নিশ্চিত হামে মৃত্যু ১০০
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি সময়ে নিশ্চিতভাবে হামে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০। আর গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৯১ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও উপসর্গ মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৯১।
এক দিনে হাসপাতালে ভর্তি ৭৬১ শিশু
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৪৩ শিশু।
এই সময়ে ৭৬১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ৫৭১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১০৫। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬৪১ জন।
এ সময়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
সেপ্টেম্বরের শেষে বিশেষ টিকা কর্মসূচি
চলতি বছরের শুরু থেকেই দেশে হামের সংক্রমণ বাড়তে থাকে। মার্চ থেকে পরিস্থিতির অবনতি হলে সরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবে এপ্রিল মাসে গণটিকাদান কর্মসূচি শুরু হয়ে মে মাসে শেষ হয়।
তবে ওই কর্মসূচিতে ৩৯ লাখের বেশি শিশু টিকার আওতার বাইরে থেকে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পরও হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু এবং প্রতিদিন বিপুলসংখ্যক নতুন সংক্রমণ অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে সারাদেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 



















