ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে আগামী ১০ জুলাই যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (২ জুলাই) এ তথ্য জানান।
ঢামেকের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক চিকিৎসাসামগ্রী ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে হাসপাতালের সেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন ডা. জুবাইদা রহমান। এ পরিদর্শনের মাধ্যমে ঢামেকের সামগ্রিক চিত্র ও চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি জানান, দেশের থানা, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তে এনএসওয়ান পরীক্ষার কিট পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয়েছে। প্রয়োজনে হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো হবে এবং চিকিৎসাসেবা জোরদার করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।
এছাড়া তিনি জানান, চিকিৎসাসেবার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন, রিএজেন্ট ও স্যালাইনের মজুত নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি গুরুতর হলে ‘মোবাইল হাসপাতাল’ চালুর পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে ঢামেকের প্যাথলজি বিভাগে ক্যানসার শনাক্তে ব্যবহারের জন্য একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ হস্তান্তর করা হয়। এতে রোগ নির্ণয় আরও দ্রুত ও নির্ভুল হবে বলে আশা করছেন চিকিৎসকরা।
প্রতিবেদকের নাম 




















