জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় নির্ধারিত সময় অতিক্রম করায় সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে বক্তব্য সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এ সময় স্পিকার বলেন, “দুই মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন।”
রোববার (২১ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের সাধারণ আলোচনার সময় এ ঘটনা ঘটে। স্পিকারের মন্তব্যের পর সংসদ কক্ষে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।
বক্তব্যের শুরুতে নিলোফার চৌধুরী মনি প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন। তিনি বলেন, কয়েকদিন আগে বিরোধী দলের এক সংসদ সদস্য অভিযোগ করেন কওমি মাদরাসাগুলো বাজেটে বরাদ্দ পায়নি।
তিনি আরও বলেন, “কওমি অর্থ গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো গোষ্ঠী বা ব্যক্তির জন্য কাজ করে না। দলের নেতা তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করেন।”
সংসদে তরুণ প্রতিনিধিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদে আটজন তরুণ প্রতিনিধি রয়েছেন, তবে তারা তরুণদের বিষয় নিয়ে কথা না বলে শুধু গণভোট নিয়ে আলোচনা করেন।
এ সময় এক সংসদ সদস্যের মুক্তিযোদ্ধা পরিচয় সংক্রান্ত বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন নিলোফার চৌধুরী মনি। তিনি বলেন, একজন সংসদ সদস্য তার বাবা জীবিত থাকা সত্ত্বেও তাকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে উল্লেখ করেছেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
পরে বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল বা ‘স্লিপ অব দ্য টাং’ ছিল। তিনি নিজেও তা স্বীকার করেছেন এবং আগেও সংসদে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বর্তমানে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলমান রয়েছে। সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেট নিয়ে তাদের মতামত তুলে ধরছেন।
প্রতিবেদকের নাম 




















