৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় অসদুপায় ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৭ প্রার্থীর পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে পাঁচ প্রার্থীর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের ভাইভা
এদিকে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ২ হাজার ১৬০ প্রার্থীর দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা আগামী ২৫ আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে ভাইভা অনুষ্ঠিত হবে। প্রতিদিন অংশ নেবেন ১৮০ জন প্রার্থী।
ভাইভার নির্ধারিত তারিখগুলো হলো—২৫, ২৭, ৩০ ও ৩১ আগস্ট এবং ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর।
যেসব কারণে ৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা
পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় বিভিন্ন ধরনের অনিয়মের কারণে সাত প্রার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।
এর মধ্যে দুই প্রার্থী পরীক্ষার হলে দুটি স্মার্টফোন ও একটি স্মার্টওয়াচ নিয়ে প্রবেশ করেন। পাশাপাশি নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগের অভিযোগও রয়েছে।
অন্যদিকে পরস্পরের উত্তরপত্র দেখে নকল এবং প্রশ্নের সঙ্গে সম্পর্কহীন আপত্তিকর বিষয় উত্তরপত্রে লেখার অভিযোগে আরও পাঁচ প্রার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।
এই পাঁচ প্রার্থীকে চলতি বছর ও পরবর্তী এক বছর পিএসসির অধীনে অনুষ্ঠিত সব পরীক্ষা এবং পিএসসি ঘোষিত পদের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।
ভাইভায় অংশ নিতে যা করতে হবে
মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের পিএসসির ওয়েবসাইটে নির্ধারিত বিপিএসসি ফরম-১ পূরণ করতে হবে। পরীক্ষার দিন নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।
প্রার্থীদের মূল সনদ প্রদর্শনের পাশাপাশি সত্যায়িত দুই সেট ফটোকপি জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হয়ে ভাইভায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
এ ছাড়া চাওয়া সব সনদের স্ক্যান কপি নির্ধারিত গুগল ফরমে আপলোড করতে হবে এবং টেলিটকের মাধ্যমে বিপিএসসি ফরম-৩ পূরণ করতে হবে। পূরণ করা ফরমের দুই কপিও মৌখিক পরীক্ষার দিন জমা দিতে হবে।
প্রতিবেদকের নাম 




















