২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে ২৬ জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। স্বৈরাচারী সরকারের পতনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সেদিন আনুষ্ঠানিক বিবৃতি দেয় বিএনপি। একই সঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেশজুড়ে রাজপথে সক্রিয় কর্মসূচি শুরু করে ছাত্রদল।
সংগঠনটির দাবি, জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী শহীদ, প্রায় ৪ হাজার আহত এবং শতাধিক নেতা-কর্মী গুম ও অমানবিক নির্যাতনের শিকার হন।
গুলিবর্ষণ, গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ
ছাত্রদলের ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ, অন্যদিকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদের হামলা চলতে থাকে। একই সময়ে দেশজুড়ে গণগ্রেপ্তার ও গুমের ঘটনাও ঘটে।
ছাত্রদলের সহ-সভাপতি আবু জাফর জানান, আন্দোলনে পুলিশের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ২৪ জুলাই গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। দুই দিন নির্যাতনের পর ২৬ জুলাই আদালতে পাঠানো হয়।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তাকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়েছিল। তার ভাষায়, সেদিন উঠে দাঁড়াতে না পারলে হয়তো তিনিও নিহতদের তালিকায় নাম লিখাতেন।
আন্দোলনে ছিল বিকল্প প্রস্তুতি
ছাত্রদলের নেতারা জানান, আন্দোলনের শুরু থেকেই দেশজুড়ে তাদের নেতা-কর্মীরা সক্রিয় ছিলেন। যোগাযোগ রক্ষায় ব্যবহার করা হয় পকেট রাউটার। আহতদের দ্রুত হাসপাতালে নিতে আগে থেকেই অ্যাম্বুলেন্স ও ভ্যান প্রস্তুত রাখা হয়েছিল।
ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বলেন, আন্দোলন দমাতে বিপুল পরিমাণ গুলি ছোড়া হয়েছিল। তিনি দাবি করেন, আহতদের হাসপাতালে নিতে একেকটি ভ্যানকে একাধিকবার যাতায়াত করতে হয়েছে।
তারেক রহমানের সঙ্গে নিয়মিত যোগাযোগের দাবি
ছাত্রদলের নেতাদের দাবি, আন্দোলনের পুরো সময়জুড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল।
আবু জাফরের ভাষ্য, গ্রেপ্তারের পর তদন্তকারীরা প্রথমেই জানতে চেয়েছিলেন তারেক রহমানের সঙ্গে কী ধরনের কথা হয়েছে। তিনি আরও দাবি করেন, চিকিৎসা নেওয়ার পাশাপাশি রাজপথ না ছাড়ার নির্দেশনা তিনি তারেক রহমানের কাছ থেকেই পেয়েছিলেন।
অন্যদিকে শ্যামল মালুম বলেন, আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিদিন একাধিকবার তারেক রহমানের সঙ্গে বার্তা আদান-প্রদান হতো এবং মাঠের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হতো।
বিচারের দাবি
জুলাই আন্দোলনের সময়কার নির্যাতনের স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে বলে জানিয়েছেন ছাত্রদলের নেতারা। তাদের দাবি, আন্দোলনে সংঘটিত হত্যা, নির্যাতন, গুম ও দমন-পীড়নের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
ফিরে দেখা জুলাই অভ্যুত্থান: 























