ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।
তিনি জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত পাঁচ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী মোতায়েনের সংখ্যা বাড়ানো হবে।
তিনি আরও জানান, কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ গাজীপুরের আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি শিল্প পুলিশের সঙ্গে কাজ করবে।
প্রতিবেদকের নাম 























