
যেকোনো পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য নিজেদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন পুরোপুরি নিজস্ব প্রযুক্তি ও সরঞ্জামের ওপর নির্ভরশীল বলেও দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের এক সামরিক উপদেষ্টা।
ইরানের মেহর বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বেলাইলি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমাদের আঙুল ট্রিগারের ওপর রয়েছে এবং আমরা পুরোপুরি প্রস্তুত।’
১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের সঙ্গে আট বছরব্যাপী যুদ্ধের সময়ের তুলনায় ইরানের বর্তমান সামরিক সক্ষমতা অনেক বেশি শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন এই সামরিক কর্মকর্তা।
ক্ষেপণাস্ত্র সক্ষমতা বেড়েছে বহুগুণ
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পরিচালিত ‘ট্রু প্রমিজ’ বা ‘সত্য প্রতিশ্রুতি’ অভিযানের উদাহরণ তুলে ধরে বেলাইলি বলেন, ইরান-ইরাক যুদ্ধের পুরো আট বছরে দেশটি মাত্র ৮৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। অথচ পরবর্তী সময়ে পরিচালিত ট্রু প্রমিজ অভিযানে প্রতিদিন ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা দেখিয়েছে ইরান।
তার দাবি, অতীতের তুলনায় বর্তমানে দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন ও ব্যবহারের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ইরান-ইরাক যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বেশ কিছু সীমাবদ্ধতা ছিল উল্লেখ করে তিনি বলেন, সে সময় প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রের জন্য মাত্র একটি করে ক্ষেপণাস্ত্র বরাদ্দ থাকত। তবে বর্তমান সময়ে সেই সীমাবদ্ধতা আর নেই।
তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সব সক্ষমতা এখন ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।
ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ইঙ্গিত
ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্প্রসারণ নিয়ে দেশটির কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কেও কথা বলেন বেলাইলি।
তিনি জানান, ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও পাল্লা বৃদ্ধির বিষয়ে কর্মকর্তারা যে বক্তব্য দিয়েছেন, তার যথেষ্ট ভিত্তি রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি।
বেলাইলির ভাষ্য, উপযুক্ত সময়ে বিশ্ববাসী ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি দেখতে পাবে।
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর প্রকাশের পর নতুন বার্তা
আইআরজিসির নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের কয়েক দিনের মধ্যেই সামরিক উপদেষ্টা বেলাইলির এসব বক্তব্য সামনে এলো।
সাম্প্রতিক সময়ে সামরিক সক্ষমতা প্রদর্শন, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ইঙ্গিত এবং যেকোনো পরিস্থিতিতে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে ইরান।
সূত্র: আল জাজিরা ও মেহর নিউজ এজেন্সি
প্রতিবেদকের নাম 

























