জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু অভিযোগ করেছেন, গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন তিনি। এর আগেও একাধিকবার এমন হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন এই সংসদ সদস্য।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। একই পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর ঘটনার ব্যাখ্যাও দেন মাহমুদা মিতু। এ সময় হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠানো কয়েকটি বার্তার স্ক্রিনশটও যুক্ত করেন তিনি।
পোস্টে মাহমুদা মিতু লেখেন, আগের দিন সংসদে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে মেজাজ হারান। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ এবং জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসউদ ও এক দফার ঘোষক নাহিদ ইসলামের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ—এমন মন্তব্য করেন তিনি।
তার অভিযোগ, সংসদে যুক্তিতর্কে না পেরে বিরোধীদের ‘তুই-তোকারি’ ও ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে। কথায় না পারলেই কাউকে বেয়াদব আখ্যা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য হান্নান মাসউদকে বারবার ‘বস’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধন করার প্রসঙ্গ তুলে মাহমুদা মিতু বলেন, তখন তিনি চিৎকার করে হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনা নিয়ে প্রতিবাদ করেছিলেন। তার ভাষ্য, আঁতাত করে চলা ব্যক্তিরা বুঝতে পারবেন না—বাবা-মা, সন্তান ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে কতটা সাহস লাগে।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, গত সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে সরাসরি হত্যার হুমকি পাচ্ছেন। আগেও এমন হুমকি পেয়েছেন। এসব বিষয় সামনে আনলেও নুসরাতের ঘটনার মতোই তা লঘু করে দেখানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পোস্টের শেষাংশে ওসমান হাদির বক্তব্য স্মরণ করে মাহমুদা মিতু লেখেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!”
প্রতিবেদকের নাম 
























