
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলের অস্থিরতা অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানার মধ্যে সাতটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর আশঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।
কারখানার ফটকে বন্ধের নোটিশ
রোববার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকেই পোশাকশ্রমিকরা কাজে যোগ দিতে কারখানার ফটকে আসেন। তবে বন্ধের নোটিশ দেখে অনেকেই ফিরে যেতে শুরু করেন। কিছু শ্রমিককে দীর্ঘ সময় কারখানার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেও দেখা যায়।
কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর এবং রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম চলছে না।
তিনি বলেন, আজ থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সঠিক নোটিশ এখনো শিল্প পুলিশের কাছে পৌঁছায়নি। সম্ভবত কারখানাগুলো আজই বন্ধ ঘোষণা করেছে।
শিল্প পুলিশ সুপার আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
প্রতিবেদকের নাম 
























