
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে রোডে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন রাস্তার ওপর ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। অজ্ঞাতনামা দুজন আরোহী মোটরসাইকেলে এসে ফাঁকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটি নিয়মিত চালাতেন মামুন নামের এক ব্যক্তি। এটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহার হতো।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে থানা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
প্রতিবেদকের নাম 






















