
ভারত-পাকিস্তানের সুন্দরীদের সঙ্গে বাংলাদেশের মাহি
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। এতে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ নেওয়ার পাশাপাশি নিয়মিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তিনি।
এবার মাহিকে দেখা গেছে প্রতিবেশী দুই দেশ ভারতের ও পাকিস্তানের সুন্দরীদের সঙ্গে। তাঁরা হলেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ কাজিয়া লিজ মেজো এবং ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ মিসবাহ আরশাদ। নিজ নিজ সাজে তিনজনই ধরা দিয়েছেন আকর্ষণীয় রূপে।
ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে মাহি লিখেছেন, ‘ভিন্ন দেশ, ভিন্ন পতাকা, কিন্তু অনেক ভালোবাসা আর সুন্দর বন্ধুত্ব। কোনো ভৌগোলিক সীমানা সত্যিকারের বন্ধনে বাধা হতে পারে না। মিস ইউনিভার্সে এসে এরকম সুন্দর সব মুহূর্ত পেয়ে আমি ভীষণ আনন্দিত।’
প্রতিবেশী তিন দেশের সুন্দরীকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। একজন মন্তব্য করেছেন, ‘ভারতের প্রতিযোগীকে পারফেক্ট মনে হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘পাকিস্তানে কি আর কেউ নেই?’ কারও মতে, ‘মাহি সবসময় সেরা।’
উল্লেখ্য, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই শোবিজে পরিচিতি পেয়েছেন সামিরা খান মাহি। তিনি নিয়মিত নাটকে অভিনয় করেন। ভারতের প্রতিযোগী কাজিয়া লিজ মেজোর বয়স ১৯ বছর। তিনিও এর আগে সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে পাকিস্তানের প্রতিযোগী মিসবাহ আরশাদ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। সেদিনই বিজয়ীর মাথায় পরিয়ে দেওয়া হবে মুকুট।
প্রতিবেদকের নাম 

























