
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাহিন বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে মুখোশধারী ৪-৫ জন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রথম গুলিতে তিনি পায়ে আহত হন। পরে মাটিতে পড়ে গেলে আরও একটি গুলি করা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
ঘটনার পর হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মাহিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন। তবে পুলিশ জানিয়েছে, এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 





















