আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে কিছু নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে ২৫ ও ২৬ মে ব্যাংক খোলা থাকবে। এসব এলাকায় শ্রমিকদের বেতন, বোনাস পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই দুই দিন ব্যাংকের অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এছাড়া বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নির্ধারিত সময়সূচিতে সীমিতভাবে চালু থাকবে। হাই ভ্যালু ও সাধারণ চেক ক্লিয়ারিং নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে।
অন্যদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো আগের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। ঈদের ছুটির সময়েও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান থাকবে।
ঈদের ছুটিতে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















