দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করা হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম বাড়ার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

সর্বশেষ নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মাত্র একদিন আগেই স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও তখন নতুন করে ঠিক করা হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৬৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। গত বছর ২০২৫ সালেও মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দাম বৃদ্ধির প্রবণতা ছিল।
প্রতিবেদকের নাম 






















