স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ কারও প্রভুত্ব মেনে নিতে চায় না, বরং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নরসিংদীর মনোহরদীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মনোহরদী জোনাল অফিসের আওতায় কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা কারও প্রভুত্বে রাজি না। আমরা বন্ধুত্ব করতে চাই পারস্পরিক স্বার্থের বিনিময়ে।” এ সময় তিনি দাবি করেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর একটি অংশ ভারতের সঙ্গে হাত মিলিয়েছে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, “ভারত থেকে হুংকার দেয় তিনি ডিসেম্বরে দেশে ঢুকবেন। আর এখান থেকে উনারা বলেন ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।” তার ভাষ্য, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসর হিসেবে অভিহিত পক্ষগুলো বর্তমানে একত্রিত হয়েছে।
বিদ্যুৎ ও গ্যাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার অভিযোগ অনুযায়ী, আগের সরকারের সময়ে কুইক রেন্টালের নামে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমানে দেশের আটটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বঙ্গোপসাগরের একদিকে মিয়ানমার এবং অন্যদিকে ভারত গ্যাস উত্তোলন করলেও বাংলাদেশে নতুন গ্যাসকূপ খননে আগের সরকার যথেষ্ট উদ্যোগ নেয়নি। বর্তমানে অধিক মূল্যে গ্যাস আমদানি করে বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর চেষ্টা চলছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, বিদেশি কোম্পানির মাধ্যমে সমুদ্রে কয়েকটি গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কূপ থেকে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় ভারত সুষ্ঠুভাবে পানি বণ্টন না করলে চীনের সহযোগিতা নিয়ে তিস্তা ব্যারাজ নির্মাণ করে বর্ষা মৌসুমের পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কুদ্দুস। এ সময় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, মনোহরদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ফযীলত রাব্বী মুমিমাহ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা এবং কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 





















