কক্সবাজারের চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা এবং পুনরুদ্ধারে রুল জারি করেছেন হাইকোর্ট। বনভূমি ডি-রিজার্ভ (সংরক্ষিত মর্যাদা প্রত্যাহার) সংক্রান্ত প্রজ্ঞাপন এবং বন পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বৈধতা নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া-সুন্দরবনকে সংরক্ষিত বন থেকে অবমুক্ত করার প্রজ্ঞাপন এবং বনভূমি পুনরুদ্ধারে বিবাদীদের ব্যর্থতা কেন সংবিধান ও প্রচলিত আইনের পরিপন্থি, অসাংবিধানিক, বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) দায়ের করা এক জনস্বার্থমূলক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে বেলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশরাফ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রুমানা শারমিন।
রিটে উল্লেখ করা হয়, চকরিয়া-সুন্দরবন একসময় কক্সবাজারের একটি বিস্তীর্ণ সংরক্ষিত ম্যানগ্রোভ বনভূমি ছিল। তবে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ইজারা, অবৈধ দখল এবং বিভিন্ন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ডি-রিজার্ভ করার ফলে বনভূমিটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। একাধিকবার পুনরুদ্ধারের নির্দেশনা জারি হলেও তা বাস্তবায়ন হয়নি, যা বন আইন, ১৯২৭ এবং সংবিধানের ১৮ক অনুচ্ছেদে পরিবেশ সংরক্ষণবিষয়ক অঙ্গীকারের লঙ্ঘন বলে দাবি করা হয়।
রিটে ভূমি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ বন অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
প্রতিবেদকের নাম 
























