চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ এবং চালককে আটক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর (৬০)। তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মুখোমুখি সংঘর্ষ
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী তিশা প্লাটিনাম পরিবহনের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন।
আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুর মারা যান।
বাসচালক আটক
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, বাস ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বাসচালক সোলাইমান বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















