তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার প্রস্তাব বিএনপি দিয়েছিল বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে কোনো সংসদ যাতে সংশ্লিষ্ট বিধানগুলো সাধারণভাবে সংশোধন করতে না পারে, সে জন্য এগুলো গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ বিএনপির প্রস্তাবিত আরও দুটি অনুচ্ছেদ এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, সংবিধানের যেসব বিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হবে। সংবিধান সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে প্রয়োজনীয় ক্ষেত্রে গণভোট অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের মতামত
বিশেষ কমিটির সভায় জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন সাংবাদিক ফোরামের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা অংশ নেন। তারা সংবিধানের প্রস্তাবনা, বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিলসহ নানা বিষয়ে মতামত ও প্রস্তাব দেন।
কমিটির সভাপতি জানান, অংশগ্রহণকারীদের লিখিত প্রস্তাব দেওয়ার জন্যও বলা হয়েছে। এসব মতামত পরবর্তী সময়ে কমিটিতে আলোচনা করে চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।
বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধন নিয়ে আলোচনায় অংশ নিতে বিরোধী দলগুলোকে বারবার আহ্বান জানানো হয়েছে। তারা কমিটিতে যোগ দিলে তাদের বক্তব্যও আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।
তিনি বলেন, বিভক্তির পরিবর্তে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে চায় কমিটি। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়নের পাশাপাশি যেসব বিষয় আলোচনায় আসেনি বা বাদ পড়েছে, সেগুলোও ঐকমত্যের ভিত্তিতে বিবেচনা করার কথা জানান তিনি।
ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য
বিশেষ কমিটির সভাপতি জানান, ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন-সংক্রান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী বিল প্রণয়ন করা হবে বলে জানান তিনি।
তার আশা, ২০২৭ সালের প্রথম সংসদ অধিবেশনেই বিলটি উত্থাপন করা সম্ভব হবে।
প্রতিবেদকের নাম 



















