সিরাজগঞ্জে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পলাশ (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ কামারখন্দ উপজেলার বড়পাকুরিয়া গ্রামের মো. পাসানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে যমুনা রেলসেতু প্রকল্পে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে পলাশের কাছ থেকে ২০ হাজার টাকা নেন তার খালু শ্বশুরের ছেলে জুয়েল। পরে সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে শুক্রবার সন্ধ্যায় পলাশকে ডাকা হয়।
পরে পলাশ তার শ্বশুর ও স্ত্রীর ভাইয়ের সঙ্গে কালিয়া হরিপুর গ্রামে যান। সেখানে টাকা ফেরত নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
নিহতের স্ত্রী মাহমুদা খাতুন অভিযোগ করেন, বৈঠকের পর জুয়েল ও তার সহযোগীরা পলাশকে ছুরিকাঘাত করে।
স্থানীয় ইউপি সদস্য হুকুম আলী জানান, গুরুতর আহত অবস্থায় পলাশকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পুলিশ বলছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















