
পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাহিনীর জন্য আগের ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে।
সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের বর্তমান পোশাক নিয়ে কিছু অসন্তোষ রয়েছে। সে কারণে মেট্রোপলিটন এলাকায় আগের শার্ট-পেস্ট কালার এবং সারা দেশে নীল শার্ট ও খাকি প্যান্টের মতো ঐতিহ্যবাহী ডিজাইন ফিরিয়ে আনার বিষয়টি আলোচনা হচ্ছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অপরাধ দমনেও নজরদারি বাড়ানো হবে।
মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক কারবার রাতারাতি তৈরি হয়নি, তবে এখন তা নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান চলছে। ব্যবহারকারীর চেয়ে মূল কারবারিদের আইনের আওতায় আনার ওপর জোর দেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, শীর্ষ অপরাধীদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কারণ জামিন বা মুক্তি আদালতের বিষয়।
প্রতিবেদকের নাম 
























