চট্টগ্রামের ফটিকছড়িতে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ছাত্রদল ও যুবদলের একটি মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় মিছিলের মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মিছিলে অংশ নেওয়া আকিবসহ কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, বিকেলে ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেল নিয়ে তাঁরা কিপাইতনগর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা মিছিলের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং তাঁদের মারধর করেন। এতে ছাত্রদল ও যুবদলের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন বলে তাঁদের দাবি।
হামলায় আহত মঞ্জু অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে মাইকে ঘোষণা দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান তুলে হামলা চালানো হয়েছে।
মিছিলে হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা স্থানীয় যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দিয়ে মিছিলে থাকা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে বিএনপির পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। ভুক্তভোগীরা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার দাবি করলেও ঘটনাস্থলে এখন পর্যন্ত একটি মোটরসাইকেল পাওয়া গেছে।
ওসি আরও জানান, হামলার পর উত্তেজিত নেতাকর্মীরা যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়ির জানালার কাচ ভাঙচুর করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রতিবেদকের নাম 























