
“আমরা সবাই বাংলাদেশের নাগরিক, ‘আদিবাসী’ নই: স্বরাষ্ট্রমন্ত্রী”
বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের প্রধান পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, দেশের সবাই বাংলাদেশের অধিবাসী এবং সবার সমান অধিকার রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি হিসেবে সবাই ঐক্যবদ্ধ থাকলেই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান সম্ভব। জুলাই সনদে সবাইকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সংশ্লিষ্টরা এতে স্বাক্ষর করেছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিভেদের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এখনো এই অঞ্চলকে ঘিরে নানা ধরনের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশি হিসেবে একতাবদ্ধ থেকে বক্তব্য দিয়ে যাওয়াই সমাধান। বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক। আমরা আদিবাসী নই, আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। সবার সমান অধিকার।”
বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় শব্দটি অপ্রাসঙ্গিক। তাই পাহাড়ি জনগোষ্ঠী ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শব্দচয়নে সবাইকে সতর্ক হতে হবে।
এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পার্বত্য চট্টগ্রামের মানুষের পরিচয়ের জন্য একটি গ্রহণযোগ্য শব্দ নির্ধারণে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
গোলটেবিল বৈঠকে বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নিরাপত্তা বিশ্লেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানের জন্য জাতীয় পর্যায়ে ঐকমত্য তৈরির ওপর গুরুত্ব দেন।
প্রতিবেদকের নাম 




















