বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এ প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির অতিরিক্ত সময়ের একটি গোল বাতিল হওয়াকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই সিদ্ধান্তের পর শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে কাই হাভার্টজের গোলে ১-১ সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে হেডে বল জালে পাঠান ডিফেন্ডার জোনাথান টাহ। জার্মান শিবির জয় উদযাপন শুরু করলেও ভিএআরের পর্যালোচনার পর মরক্কান রেফারি জালাল জায়েদ গোলটি বাতিল করেন।
ভিএআরের পর্যবেক্ষণে দেখা যায়, কর্নারের সময় জার্মান ডিফেন্ডার ওয়ালডেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে বাধা দেন। ফিফার নতুন নির্দেশনা অনুযায়ী গোলরক্ষকের চলাচলে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করলে সেটিকে ফাউল হিসেবে গণ্য করা যায়। সেই কারণেই গোলটি বাতিল করা হয়।
তবে সিদ্ধান্তটি নিয়ে ম্যাচ-পরবর্তী সময়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। রিপ্লেতে শারীরিক সংস্পর্শ খুবই সামান্য ছিল বলে দাবি করেন অনেক বিশ্লেষক। তাদের মতে, মাঠের সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ ছিল না।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারার বিবিসিকে বলেন, গোলরক্ষক সামান্য স্পর্শেই পড়ে গিয়ে রেফারি ও ভিএআরকে বিভ্রান্ত করেছেন। তার ভাষায়, এমন পরিস্থিতিতে গোল বাতিল করা ছিল “ভয়াবহ সিদ্ধান্ত”।
ম্যাচ শেষে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমানও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বাতিল হওয়া গোলটি বৈধ ছিল এবং এমন সিদ্ধান্ত “একেবারেই হাস্যকর”। তবে তিনি স্বীকার করেন, একটি মাত্র রেফারিং সিদ্ধান্তের ওপর নির্ভর না করে জার্মানির আরও ভালো খেলাই উচিত ছিল।
গোল বাতিল হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে তিনটি শট মিস করে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি।
প্রতিবেদকের নাম 


























