সাতক্ষীরার আশাশুনিতে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. মোস্তাকিম (২২) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার চম্পাফুল-পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মো. মোমিন আলী সরদারের ছেলে। আহত অপর যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মোস্তাকিম ও তাঁর সঙ্গে থাকা আরেক যুবক সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে ওই এলাকায় ভিডিও ধারণ করে কনটেন্ট তৈরির উদ্দেশ্যে গিয়েছিলেন। ঘটনার সময় তাঁরা চম্পাফুল-পারুলিয়া সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় চালক মোস্তাকিম এক হাতে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করছিলেন।
একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মোস্তাকিম।
স্থানীয়রা আহত অপর আরোহীকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 


























