ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), একই এলাকার এনায়েতের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সজীব শেখ (২৪)।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, শনিবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নগরকান্দা থেকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন। সন্ধ্যার পর তারা বাড়ির পথে ফিরছিলেন। নওপাড়া এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান চয়ন মোল্লা। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সজীবকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে দুজনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাদের ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে ঢাকার পথে একজন এবং রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল খান জানান, মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় প্রথমে একজন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অপর দুই আরোহী মারা যান।
ঘটনার পর ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে।
প্রতিবেদকের নাম 



















