
রাঙ্গামাটিতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, মাদকসেবী ও জুয়াড়িরাও রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৭ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আটকদের মধ্যে রয়েছেন যুবলীগের রাঙ্গামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সক্রিয়তা বৃদ্ধি এবং বিভিন্ন স্থানে দলীয় স্লোগানসংবলিত দেয়াল লিখনের ঘটনায় প্রশাসন নজরদারি জোরদার করে। এরই অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রতিবেদকের নাম 


























