সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার এবং নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে নগরের টিলাগড় ও মেজরটিলা এলাকায় পৃথকভাবে এ হামলা চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, রাত ১টা থেকে দেড়টার মধ্যে হেলমেট ও মাস্ক পরা একদল ব্যক্তি বাসা দুটিতে হামলা চালায়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রনজিত সরকার ও নাজমুল ইসলাম আত্মগোপনে থাকলেও তাঁদের পরিবারের নারী ও শিশুরা বাসাগুলোতে বসবাস করছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১টার দিকে টিলাগড়ে রনজিত সরকারের বাসার সীমানার ভেতরে চার ব্যক্তি প্রবেশ করেন। তাঁদের একজন লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরা ভাঙার চেষ্টা করেন। আরেকজন হাতুড়ি দিয়ে কলাপসিবল গেটে আঘাত করেন। অন্য একজন টর্চ জ্বালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে ক্যামেরাটি বিকল হয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি, ভাঙচুরের পর বাসার একাংশে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়।
অন্যদিকে, মেজরটিলায় নাজমুল ইসলামের যৌথ পারিবারিক ফ্ল্যাটেও প্রায় একই সময়ে হামলা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকটি মোটরসাইকেলে আসা যুবকদের মধ্য থেকে ছয়জন ভবনের ভেতরে প্রবেশ করেন। তাঁরা ফ্ল্যাটের দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করেন এবং লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেন।
নাজমুল ইসলাম অভিযোগ করেন, কোনো ধরনের উসকানি ছাড়াই তাঁর পারিবারিক ফ্ল্যাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ওই সময় ফ্ল্যাটে শুধু নারী ও শিশুরা ছিলেন। আশপাশের নিরীহ প্রতিবেশীদের ফ্ল্যাটেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন নাজমুল।
অভিযোগের বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন বলেন, তিনি বর্তমানে সিলেটে নেই, ঢাকায় অবস্থান করছেন। তাই এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, বাসায় কিছুটা ভাঙচুর হয়েছে। তবে সরাসরি আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। একজনের বাসার সামনে টায়ার পোড়ানো হয়েছিল। পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে তদন্ত শুরু করেছে। হামলার নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 























