হলিউডের প্রখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটির আয় ইতোমধ্যে ৯৩০ মিলিয়ন (৯৩ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের (প্রায় ১২ হাজার কোটি টাকা) মাইলফলক স্পর্শ করতে পারে সিনেমাটি।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে, ১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোতে পারলে ‘দ্য ওডিসি’ চলচ্চিত্র ইতিহাসের তৃতীয় ‘আর-রেটেড’ সিনেমা হিসেবে এই ক্লাবে জায়গা করে নেবে। বর্তমানে এ তালিকার শীর্ষে রয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, যার আয় ১ দশমিক ৩৩৮ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ‘জোকার’ আয় করেছে ১ দশমিক ০৭৯ বিলিয়ন ডলার।
মুক্তির প্রথম সপ্তাহের তুলনায় ব্যবসার গতি কিছুটা কমলেও বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটির টিকিট বিক্রি এখনও শক্ত অবস্থানে রয়েছে। নোলানের ক্যারিয়ারে এটি দ্বিতীয় আর-রেটেড সিনেমা। এর আগে তার নির্মিত ‘ওপেনহেইমার’ বিশ্বব্যাপী প্রায় ৯৭৬ দশমিক ৯৭ মিলিয়ন ডলার আয় করেছিল। ফলে বর্তমান গতি অব্যাহত থাকলে খুব শিগগিরই ‘দ্য ওডিসি’ সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা।
গ্রিক মহাকাব্যকার হোমারের কালজয়ী মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ইথাকার রাজা ওডিসিয়ুসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন।
ট্রয় যুদ্ধ শেষে নানা প্রতিকূলতা, পৌরাণিক প্রাণী ও ঐশ্বরিক চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজ রাজ্যে ফিরে আসার রোমাঞ্চকর কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ম্যাট ডেমনের পাশাপাশি এতে অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া ও লুপিটা নিয়োঙ্গোর মতো তারকারা।
প্রতিবেদকের নাম 




















