
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী অতীতের মতো ভবিষ্যতেও অগ্রগামী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। আগামী দিনেও তারা এ ধরনের গঠনমূলক ও মানবিক কাজ অব্যাহত রাখবেন।
বর্তমান সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীকে আধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তিনির্ভর শক্তিশালী বাহিনীতে রূপান্তর করতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। তিনি জানান, তিন বাহিনীকে আরও শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে জহুরুল হক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাই মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যরা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। একইসঙ্গে যেকোনো জাতীয় সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ক্ষেত্রেও তাদের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল।
তিনি আরও বলেন, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছেন।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিভিন্ন আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়।
প্রতিবেদকের নাম 























