বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।
রোববার প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
পরে পৃথক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। তাঁদের আলোচনাতেও দ্বিপক্ষীয় সম্পর্ক ও জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবেদকের নাম 























