
টানা একদিনের অতিবৃষ্টিতে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের একটি কালভার্ট ধসে পড়েছে। খালের পানির প্রবল স্রোতে কালভার্টটি ভেঙে যাওয়ায় সড়কের প্রায় ৩০ ফুট অংশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়দের জানান, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে খালের পানি দ্রুত বৃদ্ধি পায়। শুক্রবার দুপুরে প্রবল স্রোতের চাপে কালভার্টের নিচের অংশে ধস শুরু হয় এবং একপর্যায়ে পুরো কাঠামো ভেঙে পড়ে। এতে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। অনেকেই ঝুঁকি নিয়ে খাল পার হওয়ার চেষ্টা করছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত অস্থায়ী পারাপারের ব্যবস্থা এবং স্থায়ীভাবে একটি টেকসই কালভার্ট নির্মাণ করা না হলে এলাকার শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, কয়েক মাস আগে সড়কের কাজ শেষ হলেও এত অল্প সময়ের মধ্যে কালভার্ট ধসে পড়া উদ্বেগজনক। তিনি দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা ও নতুন একটি টেকসই কালভার্ট নির্মাণের দাবি জানান।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা করা হবে এবং এলজিইডির সঙ্গে সমন্বয় করে নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















