চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে নিয়ে অনিশ্চয়তায় রয়েছে বায়ার্ন মিউনিখ। পায়ের সমস্যার কারণে দলের সর্বশেষ দুটি ম্যাচে খেলতে পারেননি জার্মানির অভিজ্ঞ এই গোলরক্ষক। তবে সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফেরায় আর্সেনালের বিপক্ষে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
নয়ার শেষ পর্যন্ত মাঠে নামবেন কি না, তা নির্ধারণ করা হবে মঙ্গলবারের অনুশীলনের পর। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসক ও কোচিং স্টাফের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বায়ার্ন।
৪০ বছর বয়সী নয়ার পায়ের সমস্যার কারণে চ্যাম্পিয়নস লিগে ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ গোলের ড্র এবং বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে ৬-১ গোলের জয়ের ম্যাচে খেলতে পারেননি।
বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল জানিয়েছেন, নয়ারের পায়ে পানি জমেছিল। তবে সমস্যাটি গুরুতর নয় বলেও আশ্বস্ত করেছেন তিনি।
সোমবার দলের সঙ্গে প্রায় ৪০ মিনিট অনুশীলন করেন নয়ার। যদিও অনুশীলনে ফেরা মানেই আর্সেনালের বিপক্ষে তার খেলা নিশ্চিত নয়। মঙ্গলবারের শেষ অনুশীলনে পায়ের অবস্থা কেমন থাকে, সেটিই হবে গুরুত্বপূর্ণ।
নয়ারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে না চাইলে গোলবার সামলানোর দায়িত্ব পেতে পারেন তরুণ গোলরক্ষক ইয়োনাস উরবিগ। অভিজ্ঞ এই গোলরক্ষকের অনুপস্থিতিতে বায়ার্নের হয়ে আগের দুই ম্যাচে খেলেছেন তিনি। ফলে নয়ারকে না পাওয়া গেলে কোচ ভিনসেন্ট কোম্পানির ভরসা হতে পারেন উরবিগ।
আগামীকাল বুধবার বায়ার্ন মিউনিখের মাঠে অনুষ্ঠিত হবে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে নয়ারের ফিটনেস ও খেলার সক্ষমতার দিকেই এখন নজর বায়ার্ন সমর্থকদের।
প্রতিবেদকের নাম 


























