টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। বলের হিসাবে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়তে গিয়ে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকেও পেছনে ফেলেছেন তিনি। একই সঙ্গে টেস্টে ৪৫০ উইকেট নেওয়া প্রথম বাঁহাতি বোলার হওয়ার কীর্তিও গড়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার।
দক্ষিণ আফ্রিকার গেবেখায় টেস্টের তৃতীয় দিনে মাইলফলকটি স্পর্শ করেন স্টার্ক। দিনের প্রথম সেশনে উইয়ান মুল্ডারকে আউট করে ক্যারিয়ারের ৪৫০তম টেস্ট উইকেট তুলে নেন তিনি। স্টার্কের বলে ম্যাট রেনশর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুল্ডার।
টেস্টে ৪৫০ উইকেট নিতে স্টার্কের লেগেছে মাত্র ২০ হাজার ৫৭৭ বল। অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা এই মাইলফলকে পৌঁছেছিলেন ২৩ হাজার ৪৭৪ বলে। অর্থাৎ ম্যাকগ্রার চেয়ে ২ হাজার ৮৯৭ বল কম করেই নতুন রেকর্ড গড়েছেন স্টার্ক।
শুধু ম্যাকগ্রার রেকর্ড ভাঙাই নয়, বাঁহাতি বোলারদের মধ্যেও অনন্য উচ্চতায় পৌঁছেছেন স্টার্ক। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে তিনিই প্রথম বাঁহাতি বোলার, যিনি ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।
পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরামের টেস্ট উইকেটসংখ্যা ৪১৪। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের শিকার ৪৩৩ উইকেট। দুজনকেই ছাড়িয়ে এখন বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক স্টার্ক।
অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসেও ৪৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া বোলারের সংখ্যা খুব বেশি নয়। স্টার্কের আগে এই কীর্তি ছিল শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়নের। চতুর্থ অস্ট্রেলীয় বোলার হিসেবে এবার সেই তালিকায় যুক্ত হলেন স্টার্ক।
তৃতীয় দিনের শেষ সেশনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকেও আউট করেন স্টার্ক। এতে তার টেস্ট উইকেটসংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৫১-এ।
প্রতিবেদকের নাম 


























