
মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস ও টানাপোড়েন কমাতে যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক।
সোমবার (২৪ আগস্ট) ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানান দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি।
তিনি বলেন, ইরাকের পক্ষ থেকে ইতোমধ্যে ইরান ও সৌদি আরবের সরকারের কাছে যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে।
কাসিম আল-আরাজির ভাষ্য অনুযায়ী, তেহরান ও রিয়াদের মধ্যকার সম্পর্কের অন্যতম বড় সমস্যা হলো পারস্পরিক আস্থার ঘাটতি। এই অবিশ্বাস দূর করতে নিয়মিত যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতার একটি কাঠামো তৈরি করা প্রয়োজন বলে মনে করছে বাগদাদ।
ইরাকের পক্ষ থেকে আশা করা হচ্ছে, দুই দেশের মধ্যে এমন একটি সমঝোতামূলক উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা ও পারস্পরিক সন্দেহ কমানো সম্ভব হবে।
ইরাক এর আগেও ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক উন্নয়নে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করেছে। নতুন এই প্রস্তাবের মাধ্যমে দুই আঞ্চলিক শক্তির মধ্যে নিরাপত্তা ও সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: ডন
প্রতিবেদকের নাম 




















