পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে নির্দিষ্ট কিছু দিন ব্যাংকিং কার্যক্রম চলবে এবং কিছু শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, তৈরি পোশাক শ্রমিকদের বেতন, বোনাসসহ অন্যান্য আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে আগামী ২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এরপর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে। তবে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে। তবে ঈদের দিন সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ছুটির সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।
প্রতিবেদকের নাম 


























