জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৯ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সারারাত অভিযান চালানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর একটি শপিং সেন্টারের একটি অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এ ধসের ঘটনা ঘটেছে।
এ ছাড়া নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ইয়াতসুশিরো কারখানার একটি বড় চিমনি ভেঙে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী দল।
জাপানের দমকল বিভাগের তথ্য অনুযায়ী, কাশিমা শহরের এইয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন। উদ্ধারকারীরা তাদের উদ্ধারে কাজ করছেন।
দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদের বেশিরভাগই কুমামোতো প্রিফেকচারের বাসিন্দা। পাশাপাশি নাগাসাকি প্রিফেকচারেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাটি জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
প্রতিবেদকের নাম 























