ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের দক্ষিণ-পূর্ব উপকূলের জনপ্রিয় পর্যটন শহর বায়াহিবের একটি চার তারকা বিলাসবহুল সৈকত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ফ্রান্সেসকা ভ্যালেন্টিনো (৪৬) নামের এক ইতালীয় নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে বায়াহিবের সমুদ্রসৈকতসংলগ্ন ‘ভিভা উইন্ডহাম ডমিনিকাস বিচ হোটেল’-এ এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো রিসোর্টে আতঙ্ক ছড়িয়ে যায়। ড্রোন ফুটেজে দেখা যায়, খড় ও পামপাতার ছাদে নির্মিত অংশগুলো দাউদাউ করে জ্বলছে এবং কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। প্রাণ বাঁচাতে বহু পর্যটককে সমুদ্রের পানিতে নেমে আশ্রয় নিতে দেখা যায়।
দেশটির জরুরি সেবা সংস্থা ডিএইএইচ জানায়, দ্রুত উদ্ধার অভিযানে প্রায় ১ হাজার ৬৯০ জন দেশি-বিদেশি অতিথি ও স্টাফকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে আগুনে বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোঁয়াজনিত অসুস্থতায় আরও কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় অনেক পর্যটকের ব্যক্তিগত মালামাল, পাসপোর্ট ও নথিপত্র পুড়ে যায়।
ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানায়, রিসোর্টের কিছু অংশে দাহ্য খড় ও পামপাতা ব্যবহারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি উপকূলীয় এলাকায় প্রবল বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে কয়েক ঘণ্টা সময় লড়াই করতে হয়।
আগুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 
























