ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিনের খাবারে কেঁচো পাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার দিকে হলের পুরাতন ভবনের ক্যান্টিনে রাতের খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থীর প্লেটে কেঁচো দেখতে পাওয়া গেলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. রাফি হাওলাদার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জানান, রাতের খাবারে পুঁইশাক, মুরগির মাংস ও ভাত খাওয়ার সময় তরকারির মধ্যে একটি অস্বাভাবিক পোকা দেখতে পান। পরে আশপাশের শিক্ষার্থীদের দেখালে তারা সেটিকে কেঁচো হিসেবে শনাক্ত করেন।
ঘটনার পর উপস্থিত শিক্ষার্থীরা ক্যান্টিনের কর্মচারীদের ডেকে বিষয়টি দেখান এবং খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তারা ক্যান্টিন কর্তৃপক্ষের কাছে এ ঘটনার ব্যাখ্যা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে শেখ মুজিব হল সংসদের ভিপি মোহাম্মদ মুসলিমুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্যান্টিন পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। প্রাথমিকভাবে ক্যান্টিন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, খাবারে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ পাওয়ার পরপরই ক্যান্টিন কমিটির শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের পূর্বের অভিযোগের ভিত্তিতে একটি ক্যান্টিন ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন ক্যাটারার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হলেও উপযুক্ত প্রতিষ্ঠান না পাওয়ায় তা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 

























